নাটোর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজে রোববার রাতে ছাত্র-শিক্ষক বিরোধ মীমাংসার সভা মূলতবি হওয়ার পরপরই গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সভাস্থল থেকে রওনা হওয়ার মুহূর্তে এই ঘটনা ঘটে।
জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আপেল মাহমুদ সাংবাদিকদের বলেন, গোলমাল হয়েছে। তবে সবাই নিরাপদে ঘটনাস্থল থেকে ফিরে এসেছে। কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, কলেজের ছাত্র-শিক্ষক দ্বন্দ্ব মীমাংসার জন্য সন্ধা ৭টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার কলেজের ষ্টাফ রুমে বৈঠকে বসেন। অধ্যক্ষের বক্তব্যের পর প্রতিমন্ত্রী বৈঠক মূলতবি করে ১৮ এপ্রিল সকাল ১০টায় আবার বসার দিন ঠিক করেন।
রাত ৮টার দিকে তিনি চলে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে বহনকারী গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
আকস্মিক গুলির শব্দে শত শত মানুষ দৌড়ে পালাতে থাকে। পুলিশ পরিবেষ্টিত অবস্থায় প্রতিমন্ত্রী ঢাকায় রওনা হয়ে যান।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এ সময় আরও ৩/৪ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলিতে জেলা যুবলীগের গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পর যুবলীগ নেতারা পুলিশ প্রহরায় সদর থানায় চলে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৩ ঘ.
bdnews24