ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখাউড়া-আশুগঞ্জ রুট ব্যবহার করে ভারত কী কী পণ্য সে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নেবে, তা জানতে চেয়েছে বাংলাদেশ।
ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিটার রোববার সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করেন। তারা আশুগঞ্জের পোর্ট অব কল ও ভারতের সিলহার ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।
গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এ রুটটি ব্যবহারের বিষয়ে দুই দেশের মতৈক্য হয়।
মন্ত্রী পরিবহণের পণ্যগুলোর তালিকা সুনির্দিষ্ট করার জন্য ভারত সরকারের সিদ্ধান্ত জানাতে বলেন। দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম শুরুর অংশ হিসেবে সরকারের এ উদ্যোগ বলে সাংবাদিকদের জানিয়েছেন নৌমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের নদী খননে ভারত সহায়তার আশ্বাস দিয়েছে। তারা নয়টি ড্রেজার দিতেও রাজি হয়েছে, শিগগিরই এগুলো পাওয়া যবে।
বৈঠকে ভুটান ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ট্রানজিট দেওয়া নিয়েও আলোচনা হয়।
শাজাহান খান জানান, সরকার জীবননগর, আশুগঞ্জ ও হালুয়াঘাটে আরো তিনটি স্থল বন্দর স্থাপনের কথা ভাবছে।
"এগুলো বাস্তবায়ন হলে দেশের ব্যবসায়ের গতি আরো প্রসার ঘটবে", বলেন তিনি।
নৌসচিব আবদুল মান্নান হাওলাদারও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24