ঢাকা এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাড়ার বখাটের উৎপাত সইতে না পেরে শনিবার এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
উম্মে কুলসুম ইলোরা (১৪) নামের ওই ছাত্রী দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীতে পড়ত। সে পরিবারের সঙ্গে খিলগাঁও থানার মধ্য নন্দীপাড়ার একটি ভাড়া বাড়িতে থাকত।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্থানীয় রেজাউল নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইলোরার মা হালিমা খাতুন হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুরে স্কুল থেকে আসার কিছু পরে রান্নাঘরে এসে ইলোরা বলে, 'মা তুমি আমার সাথে একটু শুয়ে থাকো' বলেই মেঝেতে লুটিয়ে পড়ে। মুখে ফেনা দেখে বিষপান করেছে বলে সন্দেহ হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কিন্তু পথেই ইলোরার মৃত্যু হয়।
হালিমা খাতুন আরো বলেন, "স্থানীয় বখাটে রেজাউল গত একবছর ধরেই ইলোরাকে বিরক্ত করছে। আগে স্কুলের ভ্যানে সে যাতায়াত করত। এখন বাধ্য হয়ে আমি নিজে স্কুলে নিয়ে যেতাম এবং আনতাম। ফোনে বিরক্ত করার কারণে মাস দেড়েক আগে ইলোরা তার মোবাইলটিও আমাকে দিয়ে দেয়।"
এ নিয়ে ইলোরার বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলেও কোনো কাজ হয়নি।
দুইদিন আগেও স্কুল থেকে ফেরার পথে রেজাউল পথরোধ করে কথা বলতে চায়। ওই সময় হালিমা বা ইলোরা কথা না বললে সে অশ্লীল কথা বলে।
সরকারি চাকুরিজীবী নিজামউদ্দিন মোল্লার চার মেয়ে ও এক ছেলের মধ্যে ইলোরা সবার ছোট।
খিলগাঁও থানার ওসি মো. নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইলোরার বাবা নিজামউদ্দিন থানায় এসে আমাদের জানিয়েছেন, একটি ছেলে বেশ কিছুদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। কয়েকদিন আগে স্কুল থেকে আসার পথে মা ও মেয়েকে সে বাজে কথা বলে।
"তবে শনিবার দুপুরে পারিবারিক একটি বিষয়ে মা তাকে একটু বকাঝকা করার পর সে বিষপান করে।
"মেয়েটির বাবা অভিযোগ করেছেন, রেজাউল উত্ত্যক্ত করার কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। তারা মামলা দায়ের করলে আমরা ব্যবস্থা নেব।"
পুলিশ কর্মকর্তা আরো বলেন, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রেজাউলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24