পটুয়াখালী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলাপাড়া উপজেলার রজপাড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন- রজপাড়ার রাকিবুল (১০), আবুল কালাম (৯), হাওয়া বেগম (২), জাকির (৩২), মাইক্রোবাস চালক অজ্ঞাত (৩৫) ও মাইক্রোবস যাত্রী শাহীন (২৮)।
আহত বাবুল (১৮), রুবেল (১৪) ও খোকনকে (২২) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কলাপাড়া থানার ওসি ইসহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে বরিশাল যাচ্ছিল।
সন্ধ্যা ৬টার দিকে রজপাড়া এলাকায় সড়কের পাশে বিকল হওয়া একটি নসিমকে ধাক্কা দিলে মাইক্রোবাসও নসিমনটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় চাপা পড়ে রাকিবুল, কালাম ও হাওয়া ঘটনাস্থলে মারা যায়। মাইক্রোচালককে মৃত অবস্থায় গাড়ি থেকে বের করে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর মারা যান জাকির ও শাহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২২৫ ঘ.
bdnews24