যশোর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য তবিবুর রহমান সরদার আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৬টায় যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
তবিবুর ১৯৭০ সালে গণপরিষদ সদস্য নির্বাচিত হন এবং স্বাধীনতার পর তিনবার যশোরের শার্শা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
তবিবুর রহমানের বড় ছেলে বরাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরে তার বাবা হৃদরোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুপুর ১টায় যশোর ঈদগাহ ময়দানে প্রথম এবং পরে গ্রামের বাড়ি শার্শা বুরুজবাগান হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।
তবিবরের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাব, খালেদুর রহমান টিটো, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭৫০ ঘ.
bdnews24