আল আমিন দেওয়ান
প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে পানি সঙ্কট তীব্র, কিন্তু চাহিদার অর্ধেকও মেটাতে পারছে না ওয়াসা। এমন অনেক এলাকা রয়েছে যেখানে ওয়াসার সংযোগই নেই। সেসব এলাকার অনেকেই এক সপ্তাহে একবারও পানি পাচ্ছে না।
ওয়াসা কর্মকর্তারা বলছেন, নগরীর পানি সঙ্কট সমাধানে আরো অন্তত তিনবছর লাগবে।
ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে জনসংখ্যা ও শিল্প কারখানার সংখ্যা বাড়লেও তার সঙ্গে পানির উৎপাদন না বাড়ায় এখন সঙ্কট তীব্র হয়েছে।
তিনি জানান, গৃহীত নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে নগরবাসীর ৭০ শতাংশ পানির চাহিদা মেটানো সম্ভব হবে।
দিনের পর দিন পানি না পেয়ে নগরীর লালখান বাজারের বাসিন্দা কাজল চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়াসাকে জানালে তারা বলে পানি নেই। পানির জন্য তারাই নাকি হাহাকার করছে।"
ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৫০ লাখ জনসংখ্যার এই নগরীতে আবাসিক ও বাণিজ্যিকসহ সংস্থার ভবনওয়ারি সংযোগ সংখ্যা প্রায় ৪৬ হাজার। ওয়াসার পানি পাচ্ছে প্রায় ৩৮ লাখ মানুষ।
তারা জানান, পানির চাহিদা দৈনিক প্রায় পঞ্চাশ কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা সরবরাহ করতে পারে মাত্র বিশ কোটি লিটার। কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাপনার (লোডশেডিং) কারণে প্রতিদিন স্বাভাবিকের চেয়ে ৫০ লাখ লিটার কম পানি উৎপাদিত হচ্ছে।
চট্টগ্রাম ওয়াসার ওয়াটার ওয়ার্কস বিভাগ জানায়, ওয়াসার সংযোগ নেই নগরীর এমন অনেক ওয়ার্ডের একাধিক এলাকাবাসীর দশা আরও করুণ। এসব এলাকার মানুষ পানি কিনতে আবেদন করেন ওয়াসায়। প্রতিদিন শতাধিক আবেদন এলেও ট্যাংকের অভাবে ১৫ জনকেও পানি দেওয়া যায় না বলে জানায় কর্তৃপক্ষ।
যেসব এলাকায় সংযোগ নেই সেগুলো হলো- দক্ষিণ বাকলিয়ার একাংশ, দক্ষিণ কাট্টলি, মোহরার অর্ধেকেরও বেশি অংশ, সল্টগোলা ক্রসিং থেকে পতেঙ্গা, আগ্রাবাদ পাঠানটুলি, মধ্যম হালিশহর, উত্তর হালিশহরসহ আরো অনেক ঘনবসতিপূর্ণ এলাকা।
পানি সঙ্কটের কারণে প্রতিদিনের দুর্ভোগের কথা জানালেন ষোলশহরের আল ফালাহ এলাকার আনোয়ার সুমন, নাসিরাবাদ এলাকার বাসিন্দা ইসমত আরাসহ অনেক গ্রাহক।
চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ উন্নয়নের প্রকল্প পরিচালক এজাজ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মৌসুমে গরম বাড়ার সঙ্গে সঙ্গে নগরবাসীর পানির চাহিদাও দিন দিন বাড়ছে।
তিনি জানান, পানি উৎপাদনের নতুন প্রকল্পগুলো বাস্তবায়নে কমপক্ষে তিন বছর সময় লাগবে। ফলে চাহিদার বাকি ৩০ কোটি লিটার পানির জন্য ওয়াসার এই হাহাকার থাকবে ২০১২ সাল পর্যন্ত।
নগরীর অনেক এলাকায় এক সপ্তাহের মধ্যেও পানি না দিতে পারার কথা স্বীকার করে ওয়াসা কর্মকর্তা বলেন, পানি সঙ্কটের কারণে বেশকিছু এলাকায় সপ্তাহে দুই দিন পানি দেওয়া হয়। কিন্তু বিদ্যুৎ সরবরাহ ঠিকমত না পাওয়ায় ইদানীং তাও সম্ভব হচ্ছে না।
ওয়াসার প্রধান প্রকৌশলী মো. সাইফুল্লাহ দাবি করেন, চাহিদার তুলনায় ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা খুবই কম। তবু সঙ্কট নিরসনে ওয়াসা তার ক্ষমতানুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছে।
তিনি জানান, ঘাটতি মেটাতে চার প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে নগরবাসীর দুর্ভোগ থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকল্পগুলো হল- রাঙ্গুনিয়ার পোমরায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) অর্থায়নে ১৩ কোটি ৬০ লাখ লিটার উৎপাদন ক্ষমতার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, কোরিয়ার ইকোনমিক ডেভেলপম্যান্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) এর অর্থ সহায়তায় ১০ কোটি লিটার উৎপাদন ক্ষমতার বোয়ালখালীর ভাণ্ডারজুড়ি এলাকায় পানি শোধনাগার কেন্দ্র, সরকারের নিজস্ব অর্থায়নে ৯ কোটি লিটার উৎপাদন ক্ষমতার মোহরা পানি শোধনাগার সম্প্রসারণ ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৪ কোটি লিটার ক্ষমতার মদুনাঘাট পানি শোধনাগার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কিউএইচ/এমএসবি/১৭৩৮ ঘ.
bdnews24