২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ সড়কের দাবিতে জাবিতে মানববন্ধন

সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শনিবার মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 11:04 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

জাবি, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শনিবার মানববন্ধন হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক সতীর্থের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এ কর্মসূচির ডাক দেয়। সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২০০ শিক্ষার্থী কলাভবন থেকে মিছিল শুরু করে। বেলা ১২টার দিকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা সড়কে মানববন্ধন করে তারা। ইংরেজি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাশরুর শহীদ হোসেন, ড. সামসাদ মর্তুজা, কন্ঠশিল্পী ফাহমিদা নবী মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের ছাত্রী সায়মা সিদ্দিকা শিখা গত ২৬ মার্চ কুমিল্লা যাওয়ার পথে এক সড়ক দূর্ঘটনায় নিহত হন। মানববন্ধন শেষে সমাবেশে সামসাদ মর্তুজা বলেন, "আমরা যা হারিয়েছি তা কখনো ফেরত পাওয়া সম্ভব নয়। কিন্তু আমরা অন্যদের সচেতন করার মধ্য দিয়ে আরও কিছু প্রাণ রক্ষা করার চেষ্টা করতে পারি।" শিখার সহপাঠী আল হাসিব নোমানি বলেন, শিখার মতো কেউ যেন এভাবে অকালে নিভে যেতে না পারে সে জন্য আমাদের সচেষ্ট হতে হবে। শিখার স্মৃতিকে ধরে রাখার জন্য বিভাগে শিখা স্মৃতি স্তম্ভ তৈরি করার দাবিতে বিভাগীয় সভাপতির কাছে একটি স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৫ ঘ.