২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্নতাকর্মীদের দুর্ঘটনায় মৃত্যুতেও নেই ক্ষতিপূরণ

স্বাভাবিক মৃত্যুতে যে টাকা পান, দুর্ঘটনায় মৃত্যু হলেও বরাদ্দ তাই। কোনো ক্ষতিপূরণ ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করতে হয় পরিচ্ছন্নতাকর্মীদের। শামীম আহমেদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 12:30 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজ করলে টাকা, কাজ না থাকলে টাকা নাই। এই নিয়মের আওতায় রাজধানীর ময়লা আবর্জনা পরিষ্কার করেন ঢাকা সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত পরিচ্ছন্নতাকর্মীরা। মারা গেলে তাদের পরিবারের কপালে জোটে ৫০ হাজার টাকা, সেটা স্বাভাবিক হোক কিংবা অস্বাভাবিক। সিটি কর্পোরেশনের প্রায় ৮ হাজার তালিকাভুক্ত পরিচ্ছন্নতাকর্মীর জীবন এভাবেই কেটে যাচ্ছে। বছরের পর বছর ধরে কাজ করলেও তাদের কোনো উন্নতি নেই। পরিচ্ছন্নতাকর্মীদের 'দুঃসহ' জীবনের কথা এভাবেই তুলে ধরলেন তাদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক তালুকদার। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, গত ৪ বছরে রাজধানীতে নানা দুর্ঘটনায় প্রায় ৩৩৪ জন পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। এদের মধ্যে ৬৫ জন ওয়াসার পয়ঃনিষ্কাশন নালা পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান। ওয়াসার পয়ঃনিষ্কাশন নালা পরিষ্কারের কাজ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাই করে থাকেন। পরিচ্ছন্নকর্মীরা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যে টাকা পান, অস্বাভাবিক মৃত্যু হলেও একই পরিমাণ টাকা পান। টাকার পরিমাণ বাড়িয়ে এক লাখ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও কর্পোরেশন বিষয়টি আমলে নেয়নি বলে জানান আব্দুল খালেক। তিনি বলেন, "মৃত্যুর পর সামান্য এ টাকা পরিবারের সদস্যদের কোনো উপকারেই আসে না।" খালেক জানান, ৮ হাজার পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে প্রায় ৩ হাজার মাসিক বেতনভুক্ত। বাকিরা 'কাজ নাই টাকা নাই'-এই নিয়মের আওতায় কাজ করে কোনোভাবে জীবনধারণ করছেন। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মাস্ক, গ্লাভস দেয় না সিটি কর্পোরেশন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বছর খানেক আগে এ ধরনের কিছু সরঞ্জাম দিয়েছিলো। কিন্তু এরপর আর সরবরাহ করেনি। আবর্জনা পরিষ্কার কাজে নিয়োজিত কর্মীরা চর্মরোগ, শ্বাসকষ্ট ও হার্টের রোগে ভুগছেন জানিয়ে খালেক বলেন, এ জন্য সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবাও পাওয়া যায় না। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদরঘাট ভিক্টোরিয়া পার্কের পাশে ডাস্টবিনে আবর্জনা সরানোর কাজ করছিলেন পরিচ্ছন্নতাকর্মী পরেশ (৫৫)। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশন থেকে দেওয়া গ্লাভস আবর্জনা পরিষ্কার করতে করতে কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। তখন খালি হাতেই কাজ করতে হয়।" আবর্জনার মধ্যে কাজ করতে করতে হাতে চর্মরোগ হয়েছে পরেশের। তবু বেঁচে থাকার জন্য কাজ করে যাবেন বলে জানান পরেশ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিচ্ছন্নকর্মীদের গ্লাভস, মাস্ক, পায়ে পরার জন্য বুট জুতা প্রভৃতি দেওয়া হয়। "কিন্তু তারা সেগুলো ব্যবহার করে না", বলেন তিনি। তিনি জানান, এগুলো ব্যবহার করার জন্য তাদের 'পরিচ্ছন্নতা নির্দেশিকা' দেয়া হয়েছে। তবে কর্মীরা তা আমলে নেয়নি। স্বাস্থ্য অসচেতনতাই তাদের নানা রোগ হওয়ার কারণ বলে তিনি উল্লেখ করেন। বিপন বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত হাসপাতাল, মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে এ পরিচ্ছন্নকর্মী ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুর পর ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়ে বিপন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য কোনো গ্রাচুইটি ও অবসরভাতা নেই। নিয়ম অনুয়ায়ী তাদের কেবল ৫০ হাজার টাকা দেওয়া হয়। ওই টাকার অঙ্ক বাড়ানোর দাবির বিষয়ে তিনি বলেন, ৬ মাস আগে তিনি এ পদে যোগ দিয়েছেন। তাই এ বিষয়ে তিনি কিছু জানেন না। পয়ঃনিষ্কাশন লাইনে বিষাক্ত গ্যাসে মৃত্যুর প্রসঙ্গে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত মো. আলী বলেন, "এ কাজে গ্যাস মাস্ক ও গ্লাভস সরবরাহ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্মীরা তা ব্যবহার করে না বলে এ ধরনের ঘটনা ঘটে।" পয়ঃনিষ্কাশন লাইন পরিস্কার করার কাজ মূলত দরপত্রের মাধ্যমে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/এমআই/১৮২৪ ঘ.