কক্সবাজার, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরতলীর আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় আগুন দেওয়ার ঘটনা তদন্তে সাত সদস্যে একটি কমিটি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার করা এই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কবরস্থানের জমি নিয়ে বিরোধের জের ধরে আগেরদিন বিকালে শহরতলীর বাস টার্মিনাল এলাকার কয়েক হাজার লোক কবরস্থানের জমি দখলকে কেন্দ্র করে ওই মাদ্রাসায় হামলা চালায়।
তারা মাদ্রাসার দুটি আধাপাকা ভবনে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেয় মাদ্রাসার একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে আহত হয় দুই শতাধিক।
মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, হামলা ও লুটপাটের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দেশব্যাপী আলিম পরীক্ষা শুরু হওয়ায় মাদ্রাসার ৭৮ জন পরীক্ষার্থীর লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, দু'টি ভবন পোড়া চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে। মাদ্রাসায় কোন ছাত্রী নেই। তারা বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ত্যাগ করেছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মাদ্রাসার ছাত্রাবাসে ২৪০ জন এতিম ছাত্রী ও ছয় শতাধিক সাধারণ ছাত্রী থাকতো। ঘটনার পর তারা ছাত্রাবাস ছেড়ে গেছে।
তিনি জানান, হামলা ও লুটপাটের ঘটনার পর মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে।
জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিনকে আহবায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (বিশেষ শাখা), সহকারী কমিশনার (ভূমি), ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ।
তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটি শুক্রবার সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসবে। কিভাবে তদন্ত হবে সে বিষয়টি বৈঠকে ঠিক করা হবে।
মাদ্রাসা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসাইন জানান, মাদ্রাসায় আগুন ও লুটপাটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24