ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
তাকে দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে দেখার যায়।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গত ১১ জানুয়ারি জাতীয় সংসদে জানান, সেতুর নকশা চূড়ান্ত হয়েছে। সরকার আগামী সেপ্টেম্বর নাগাদ পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে চায়।
২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা সরকারের।
পদ্মা সেতু নির্মাণে বেশ কয়েকটি দাতা সংস্থা অর্থায়ন করছে। তাদের মতামত পাওয়ার পরপরই সেতু নির্মাণের দরপত্র আহ্বান করা হবে বলে যোগাযোগমন্ত্রী গত ৮ ফেব্র"য়ারি জানিয়েছিলেন।
দেশের বৃহত্তম এ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪০ কোাটি ডলার। এরমধ্যে ১২০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক ৫৫, ইসলামী উন্নয়ন ব্যাংক ১২, জাইকা ৩০ ও আবুধাবি উন্নয়ন ৩ কোটি ডলার দেবে। বাকি অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে সংস্থান করছে সরকার।
সেতুর জন্য ভূমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ দেওয়াও শুরু করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24