ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চর্যের নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট চাইতে ভারত যাচ্ছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
দুদিনের সফরে আগামী রোববার কলকাতায় যাবেন তিনি। সেদিন দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন হাছান। পরদিন দুই মন্ত্রী সুন্দরবনের ভারত অংশ পরিদর্শন করবেন।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সুন্দরবনকে এগিয়ে নিতে আমাদের ভারতের সমর্থন পাওয়া দরকার। সে চেষ্টাই করা হচ্ছে।"
সুন্দরবনকে সপ্তাশ্চর্যের মধ্যে রাখতে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে ভোট সংগ্রহ করা হচ্ছে। সুন্দরবন বর্তমানে সপ্তাশ্চর্য নির্বাচনে চূড়ান্ত বিবেচনায় থাকা ২৮টি স্থানের মধ্যে রয়েছে। এ পর্যায়ে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
প্রাথমিকভাবে বাছাই হওয়া তালিকায় সারা পৃথিবী থেকে ভোট পেয়ে সুন্দরবন টিকে যায়। তবে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার বাছাইয়ে বাদ পড়ে।
"এ তালিকায় টিকে থাকতে আরো কমপক্ষে ১৫ কোটি ভোট প্রয়োজন হবে। কিন্তু বাংলাদেশের একার পক্ষে এত ভোট সংগ্রহ করা কঠিন", বলেন হাছান।
তিনি বলেন, সুন্দরবনের প্রায় ৪০ শতাংশ এলাকা ভারতের পশ্চিমবঙ্গে পড়েছে। তাই বাংলাদেশ ভারতের সহযোগিতাও পেতে পারে এ বিবেচনায় ভারতেও প্রচার শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলসহ ভারতের কয়েকটি বেসরকারি সংস্থা ও গণমাধ্যম এ প্রচার শুরুর উদ্যোগ নিয়েছে। এতে ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ এবং পশ্চিমবঙ্গের মন্ত্রীরাও অংশ নেবেন বলে জানান হাছান।
সফরশেষে ৬ এপ্রিল সকালে দেশে ফিরবেন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24