ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলার প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধ দিবস ধর্মঘট পালন করেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা।
বুধবারের ওই হামলায় চার চিকিৎসক আহত হন বলে চিকিৎসকরা জানান। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।
স্বাস্থ্য কর্মকর্তা মামুনূর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন সন্ত্রাসী তাদের শারীরিকভাবে নির্যাতন করে এবং স্বাস্থ্য কেন্দ্রে তাদের নামফলক ভেঙ্গে ফেলে।
চিকিৎসকরা জানান, বুধবার দুপুরে জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা অনিল চন্দ্র ভৌমিককে মারধর করে কয়েকজন। ওই সময় স্বাস্থ্য কর্মকর্তা মামুনূর রশিদ ও হুমায়ুন কবির ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা এগিয়ে এলে তাকেও লাঞ্ছণার শিকার হতে হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীরকে জানিয়েছেন।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী সাংবাদিকদের বলেন, তারাও ঘটনাটি শুনেছেন এবং ব্যবস্থা নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩২৫ ঘ.
bdnews24