কক্সবাজার, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে শহরতলীর বাস টার্মিনাল এলাকায় কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার দু'টি সেমিপাকা ভবন বুধবার জ্বালিয়ে দিয়েছে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা।
এ সময় তারা মাদ্রাসার একটি সিএনজিচালিত অটোরিকশাও জ্বালিয়ে দেয়। মাদ্রাসায় ভাংচুর ও লুটপাট চালায়।
দেড়ঘণ্টার এ সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ জনতা এবং পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ১৫ পুলিশ ও দুই দমকলকর্মীসহ দুই শ'রও বেশি আহত হয়েছে।
জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
মাদ্রাসাটির পাশের বাসিন্দা আব্দুস সাত্তার ও মো. জাহাঙ্গীর জানান, বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়া এলাকায় কবরস্থানের পাশে 'কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা'র বিরুদ্ধে কবরস্থানের জমিতে ভবন নির্মাণের দীর্ঘদিনের অভিযোগ এলাকাবাসীর। এবার আরো একটি ভবন নির্মাণ করায় এলাকাবাসী বুধবার দুপুরে মানব বন্ধন কর্মসূচি দেয়।
দুপুরের পর লোকজন আসতে শুরু করলে মাদ্রাসার ছাদ থেকে জনতার উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরই বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় হামলা চালায়।
সংঘর্ষে অন্তত দুইশ' এলাকাবাসী আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।
কক্সবাজার দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, মাদ্রাসায় আগুন লাগানোর খবর পেয়ে দমকল বাহিনীর দু'টি গাড়ি ঘটনাস্থলের কাছাকাছি গিয়েছিল। কিন্তু জনতার বাধার মুখে তারা আগুন না নিভিয়ে ফিরে আসে।
তিনি বলেন, "হামলায় দমকলকর্মী মোহাম্মদ আবদুল্লাহ, ফয়সাল মাহমুদ ও সাবের আহমদ আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
কক্সবাজার থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, কত আহত হয়েছে তা বলা মুশকিল। তবে ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (সুপার) নূরে আলম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সরওয়ার আলম, উপ-পরিদর্শক সৈয়দ ফারুক আহমদ, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক এরশাদ, উপ-পরিদর্শক জাহেদসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই। কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম মিনা সাংবাদিকদের বলেন, মাদ্রাসা ও কবরস্থান দু'টিই ধর্মীয় ও স্পর্শকাতর বিষয়। তাই পুলিশকে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে।
কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোছাইন বলেন, "আগে থেকেই মাদ্রাসার জমি নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বিরোধ ছিল।"
তবে কবরস্থানের জমি দখল করে মাদ্রাসার ভবন নির্মাণের কথা তিনি অস্বীকার করেন।
তিনি আরও জানান, হামলাকারীরা মাদ্রাসায় ভাংচুর ও লুটপাট চালায়। আট শতাধিক ছাত্রী ও শিক্ষকের জন্য রান্না করা খাবার নষ্ট করেছে। পাঁচ লাখ টাকার মতো আসবাবপত্রসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি করেছে।
লারপাড়ার বাসিন্দা মামুনুর রশিদ বলেন, সংঘর্ষ শুরুর পর কয়েক হাজার জনতা লাঠিসোটা নিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশ-এলাকাবাসী-মাদ্রাসা ছাত্রীর সংঘর্ষ বাধে।
বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৪ ঘ.
bdnews24