২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বাসনে সহায়তা না দেওয়ায় দাতাদের সমালোচনায় রাজ্জাক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তায় সাড়া না পাওয়ায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সমালোচনা করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তায় সাড়া না পাওয়ায় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সমালোচনা করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক। বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। ফলে সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা কঠিন হয়ে পড়েছে। এজন্য দাতাদের সাহায্য চেয়েও পাওয়া যায়নি। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখনো গবেষণায় ব্যস্ত। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের 'দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো' ওই আলোচনা সভার আয়োজন করে। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি, গণসচেতনতা সৃষ্টি এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের তৎপরতা জোরদার করতে বুধবার দিবসটি পালন করা হয়। প্রতি বছর মার্চ মাসের শেষ দিনে এ দিবস পালন করা হয়ে থাকে। এবার দিবসটি পালনের জন্য ব্যুরোর পক্ষ থেকে শোভাযাত্রা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের সম্মাননা প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাদ্যমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি দোয়েল চত্বর ঘুরে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে রাজ্জাক বলেন, দুর্যোগ ঝুঁকি কমাতে আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাঁধ মেরামত ও মজবুত করা, নতুন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল। তারা এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। তিনি জানান, আইলায় ক্ষতিগ্রস্ত ওই এলাকায় বসতভিটাসহ কৃষি জমি পানিতে তলিয়ে থাকায় এক বছর ধরে কোনো কৃষিকাজ হচ্ছে না। এতে কৃষকসহ দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক মহল এগিয়ে না এলে সরকার নিজস্ব অর্থেই কার্যক্রম বাস্তবায়ন করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি প্রকৌশলী আবুল কাসেম, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক আহসান জাকির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর থেকে জনগণকে রক্ষায় দায়িত্ব পালনকালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিহত তিনজন স্বেচ্ছাসেবককে সম্মাননা দেওয়া হয়। নিহত প্রত্যেক স্বেচ্ছাসেবকের পরিবারের সদস্যের হাতে নগদ ১০ হাজার টাকা, ১০ হাজার টাকার প্রাইজবন্ড, একটি পদক ও একটি সম্মাননা সনদ দেওয়া হয়। নিহত তিন স্বেচ্ছাসেবক হলেন- বাগেরহাটের শরণখোলার দক্ষিণ সাউথখালির আশরাফুল হোসেন খান, বরগুনার বদরখালি মাঝেরচরের তাছলিমা বেগম এবং পিরোজপুরের মঠবাড়িয়া তুসখালির মোজাম্মেল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/২০৫৬ ঘ.