২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য-উপাত্ত দিতে আগ্রহী ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থাকে নিজ থেকে তথ্য-উপাত্ত দেওয়ার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্দোলনরত সংগঠন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থাকে নিজ থেকে তথ্য-উপাত্ত দেওয়ার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্দোলনরত সংগঠন ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। বুধবার পুরান হাইকোর্ট ভবনে স্থাপিত সংস্থার কার্যালয়ে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে এ চিঠি পাঠানো হয়। তদন্ত সংস্থা ছাড়া আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনালের কাছেও একই চিঠি পাঠানো হয়। এর আগে মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘর তদন্ত সংস্থাকে তাদের সংগৃহীত তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার প্রতিশ্র"তি দেয়। তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন সাংবাদিকদের জানান, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ১৯৭১ সালের বিভিন্ন অপরাধ সংক্রান্ত তথ্য, উপাত্ত, দলিল, অপরাধীর তালিকা এবং এ সংক্রান্ত বিভিন্ন গ্রন্থ তদন্ত সংস্থার কাছে দেওয়ার অনুমতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, "ওই কমিটির সাহায্য নিতে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আগামী ৪ এপ্রিল তারা আমাদের কাছে তথ্য-উপাত্ত দিতে আসবে বলে চিঠিতে উল্লেখ করেছে।" এ প্রসঙ্গে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার গঠিত তদন্ত কমিটি এখনও আমাদের কাছে কোনো তথ্য-প্রমাণ চায়নি। অথচ যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ থেকে শুরু করে এ সংক্রান্ত বহু তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে। "এই তথ্য-প্রমাণের অভাবে সরকার যদি আদালতে হেরে যায়, অপরাধীদের বিচার করতে না পারে, তবে তা হবে সমস্ত জাতির পরাজয়। এই বোধ থেকে নিজ উদ্যোগে তদন্ত সংস্থাকে তথ্য-প্রমাণ দিতে চিঠি দিয়েছি।" তদন্ত কাজে অগ্রগতি হচ্ছে বলেও জানান সংস্থার প্রধান মতীন। তিনি বলেন, "আপাতত কিছু বই সংগ্রহ করে সেগুলো পড়া হচ্ছে। এগুলোর পর্যালোচনা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/জিএনএ/১৯৫১ ঘ.