ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- আলোকচিত্রী শহিদুল আলম অভিযোগ করেছেন, তার প্রাণনাশের হুমকির বিষয়ে পুলিশকে জানালেও তাতে কোনো ফল হচ্ছে না।
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি-পাঠশালার অধ্যক্ষ শহিদুল বুধবার এক সংবাদ সম্মেলনে হুমকিদাতাদের গ্রেপ্তারের পাশাপাশি নিজের নিরাপত্তাও দাবি করেছেন।
গত ২৩ মার্চ ধানমণ্ডির দৃক গ্যালারিতে 'ক্রসফায়ার' নিয়ে শহিদুূল আলমের একক আলোকচিত্র প্রদর্শনীতে বাধা দেয় পুলিশ। এরপর থেকে বেশ কয়েকদিন দৃক গ্যালারির সামনে ছিলো পুলিশ।
সংবাদ সম্মেলনে পাঠশালার উপাধ্যক্ষ আবীর আব্দুল্লাহ বলেন, "গত ২৬ ও ২৭ মার্চ পুলিশের সামনেই কয়েকজন যুবক শহীদুল আলমকে প্রাণনাশের হুমকি দেয়। তারা বলে, 'ক্রসফায়ার নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজকদের ক্রসফায়ার করা হবে। শহীদুল আলমকে রাস্তায় গুলি খেয়ে পড়ে থাকতে হবে'।"
গত ২৯ মার্চ ধানমণ্ডি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শহিদুল। তিনি বলেন, জিডি করার দুদিন পরও পুলিশ হুমকিদাতাদের চিহ্নিত বা তাদের গ্রেপ্তার করেনি।
হুমকিদাতাদের পরিচয়ের বিষয়ে কিছু জানেন কিনা- প্রশ্ন করা হলে শহিদুল বলেন, "ঘটনার সময় অনেকেই বলেছে হুমকিদাতারা র্যাব বা পুলিশের কেউ হতে পারে। কারণ তাদের চুল ছোট করে কাটা ছিলো। তবে এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না।"
এ বিষয়ে যোগাযোগ করা হলে ধানমণ্ডি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হুমকিদাতা যুবকদের নাম-ঠিকানা অজ্ঞাত থাকায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাদের আটক করার জন্য চেষ্টা চলছে।"
পুলিশের সামনেই হুমকি দেওয়া হয়েছে- জিডিতে এ ধরনের কিছু উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।
প্রদর্শনীতে বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে শহিদুল বলেন, "এ প্রদর্শনীতে বাধা দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে, সরকার কী চাচ্ছে। নির্বাচনের আগে ইশতেহারে তারা ক্রসফায়ার বন্ধ করার কথা বলেছিলো। কিন্তু তা অব্যাহত রয়েছে।"
প্রদর্শনীতে বাধা দেওয়ায় মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করে দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল। তবে পুলিশ প্রত্যাহার হওয়ায় বুধবার তা ফেরত দিয়ে আদালত বলেছে, ভবিষ্যতে বাধা পেলে আবেদনকারী আবার আসতে পারেন।
"এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সুযোগ সরকারের নেই", বলেন শহিদুল।
তিনি তার নিরাপত্তাহীনতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮১০ ঘ.
bdnews24