ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ান-ওশেনিয়ন কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও) আইটি অ্যাওয়ার্ড ২০১০ দেওয়া হয়েছে।
বুধবার নগরীর হোটেল শেরাটনে বিসিএস ডিজিটাল এক্সপো ২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সরকারপ্রধানের হাতে এই পুরস্কার তুলে দেন এএসওসিআইও'র প্রেসিডেন্ট লোই কিয়েন লিওং।
এর আগে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ ১৯৯৮ সালে এবং থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রা ২০০২ সালে এই পুরস্কার পান।
পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, "আমি মনে করি, আমি এমন কিছু করতে পারিনি যে এই পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখি। এই পুরস্কার আমি আমাদের দেশের যুব সমাজের জন্য উৎসর্গ করছি।"
এই পুরস্কার বাংলাদেশের জনগণের গৌরব আরও বাড়াবে বলে তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, এএসওসিআইও-বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কোয়েনার, সমিতির সভাপতি মোস্তফা জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১৬১১ ঘ.
bdnews24