রংপুর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরতলীর সাহেবগঞ্জ এলাকায় বন্দুকের দেড়শ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে স্থানীয় এমদাদ আলীর জমিতে মাটি কাটার সময় গুলিগুলো পাওয়া যায় বলে কোতয়ালি থানার উপপরিদর্শক নূর আলম সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, "গুলিগুলো মাটির নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় ছিলো।"
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধার গুলিগুলো এলএমজির বলে পুলিশ জানিয়েছে। তবে এর উৎস সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি তারা।
পুলিশ কর্মকর্তা আলম বলেন, গুলিগুলো কীভাবে সেখানে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24