২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিতরণে ৪৮৬ কোটি টাকা

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা জোরদার করতে চারশ ৮৬ কোটি টাকা খরচ করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 04:53 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা জোরদার করতে চারশ ৮৬ কোটি টাকা খরচ করবে সরকার। ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে ডেসকো'র 'ইলেকট্রিক ডিসট্রিবিউশন নেটওয়ার্ক প্রোজেক্ট (পরিমার্জিত)' প্রকল্পটির জন্য এই অর্থের মধ্যে একশ ৭৯ কোটি টাকা দেবে সরকার। বাকি তিনশ সাত কোটি টাকা দেবে দাতারা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ 'একনেক'র এক সভায় এটি ছাড়াও খনিজ সম্পদ অনুসন্ধানের একটি প্রকল্পে সম্মতি দেওয়া হয়। সভার পর পরিকল্পনা সচিব হাবিবুল্লাহ মজুমদার সাংবাদিকদের বলেন, খনিজ অনুসন্ধান প্রকল্পে ৮৯ কোটি টাকার প্রয়োজন হবে এবং তার পুরোটাই সরকার বহন করবে। তিনি আরো বলেন, ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্পে পাবনার মোবারকপুরে খনিজের মজুদ পরীক্ষা করতে ভূতাত্ত্বিক জরিপ ও কূপ খনন করা হবে। এই প্রকল্পে ৫৬ দশমিক ০৪ কোটি টাকা খরচ হওয়ার কথা থাকলেও এখন ৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ কোটিতে। সভায় এক হাজার ১৩ কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এলএন/জিএনএ/২২৫১ ঘ.