সিলেট, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশীদ হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে তিনদিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আমির উদ্দিন এ আদেশ দেন।
পুলিশ আসামিদের আদালতে হাজির করে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি চায়।
রোববার রাতে র্যাব-৯ এর একটি বিশেষ দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশে দেয়।
এরা হলেন- রাসেল আহমদ (৩০), লোকমান মিয়া (৩২), আলিমুল ইসলাম (২৪), সুজিনা আক্তার মুন্নি (২২) ও সাফিয়া খাতুন লিপি (২০)।
পুলিশ এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে।
কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
তদন্তের স্বার্থে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
গত ২১ মার্চ বিকালে নগরীর চৌহাট্টা এলাকার গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হারুন-অর-রশীদ।
ঘটনার পরদিন তার শ্যালক আল আজিজ চৌধুরী অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24