২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চোরাই ট্রান্সফরমার বিক্রি হয় পল্লী বিদ্যুতের কাছে'

চুরি করা বড় ট্রান্সফরমার খুলে তিনটি ট্রান্সফরমারে রূপান্তরিত করা হয়। পরে ওইসব ট্রান্সফরমার বিক্রি করা হয় পল্লী বিদ্যুতের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 03:06 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

নারায়ণগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুরি করা বড় ট্রান্সফরমার খুলে তিনটি ট্রান্সফরমারে রূপান্তরিত করা হয়। পরে ওইসব ট্রান্সফরমার বিক্রি করা হয় পল্লী বিদ্যুতের কাছে। আটককৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ছয় সদস্য সোমবার জিজ্ঞাসাবাদের প্রথম দিন পুলিশকে এসব তথ্য দিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় কয়েক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের বডিসহ যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার কাটার ৯টি যন্ত্র। একইসঙ্গে পুলিশ চোরাই ট্রান্সফরমারের দু'টি কারখানা খুঁজে পায়। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে চোর দলের সদস্যরা জানিয়েছেন- চোরাই ট্রান্সফরমার শিল্পকারখানার বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত কারখানায় নিয়ে খুলে রূপান্তর করা হয়। প্রতিটি চোরাই ট্রান্সফরমার কারখানায় পৌঁছানো পর্যন্ত তাদের দেওয়া হয় এক লাখ টাকা। এ পর্যন্ত তারা শতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটিয়েছে। সবচেয়ে বেশি চুরি করেছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা থেকে। প্রতিটি ট্রান্সফরমার চুরিতে ৮/১০ জনের একটি দল থাকে। চোরাই ট্রান্সফরমার ঢাকার কদমতলী এলাকার দু'টি কারখানায় নিয়ে রূপান্তর করা হয় বলে তারা জানান। ওসি জানান, চুরির ঘটনার সঙ্গে পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকতে পারে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.