২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের সময়মতো আদালতে আসার নির্দেশ

প্রতিদিন সময়মতো আদালতে এসে কাজ শুরু করার জন্য বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

রংপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদিন সময়মতো আদালতে এসে কাজ শুরু করার জন্য বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। মঙ্গলবার দুপুরে রংপুর আইনজীবী সমিতি মিলনায়তনে তাকে দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "সকাল সাড়ে ৯টায় এজলাসে এসে বিচারকাজ শুরু করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কোনো অজুহাত শোনা হবে না।" প্রধান বিচারপতি বলেন, "অনেক বিচারক বৃহস্পতিবার এক বেলা বিচারকাজ করে বাড়ি চলে যান। রোববার ১১টা/১২টায় আসেন। এভাবে দুদিন চলে যায়। এটা বন্ধ করতে হবে।" বিচার ব্যবস্থাকে আরো গতিশীল এবং ঢেলে সাজানোর জন্য আইনজীবীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষ যাতে ন্যায় বিচার পায় সে জন্য বিচারক ও আইনজীবীদের একাত্ম হয়ে কাজ করতে হবে। শুনানি যথাসময়ে শেষ করে দ্রুত মামলা নিস্পত্তি করা এবং দীর্ঘ সময় ধরে মামলা ঝুলে থাকার কারণে যাতে বিচার প্রার্থীরা হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার ওপর প্রধান বিচারপতি গুরুত্বারোপ করেন। নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্তদের সঙ্গে বাবা, মা, ভাই ও বোনকে আসামি করা চরম মানবাধিকার লংঘন বলে তিনি এ ব্যাপারে বিচারক ও আইনজীবীদের সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম চুন্নু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান বিচারপতিকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়। এর আগে সকালে তিনি রংপুর জজশিপের বিভিন্ন আদালত পরিদর্শন ও বিচারকার্য প্রত্যক্ষ করেন। রংপুর থেকে দুপুরের পর ফজলুল করিম লালমনিরহাট যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লালমনিরহাট প্রতিনিধি জানান, বিকাল সাড়ে ৫টায় দিকে প্রধান বিচারপতি লালমারিহাট আইনজীবী সমিতির হলরুমে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় তিনি সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম করার ওপর গুরুত্বারোপ করেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সফুরা বেগম রুমি আদালতে বিচারক সঙ্কটের কথা জানালে ফজলুল করিম বিচারক নিয়োগ দেওয়ার আশ্বাস দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম খান সভায় সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৫ ঘ.