ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ধানমন্ডিতে দলীয় প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আশরাফ বলেন, "বিএনপি'র অনেক প্রভাবশালী নেতা-কর্মী রয়েছেন যারা যুদ্ধাপরাধী। বিএনপি'র প্রধান ঐক্য যাদের সঙ্গে সেই জামায়াতের গোলাম আজম, নিজামী, সাইদীদের বিচার হোক- এটা তারা (বিএনপি) চায় না।"
তিনি জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দূর্নীতির মূল উৎপাটন করা এবং সুশাসন নিশ্চিত করা।
যুদ্ধাপরাধীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা দিতে মঙ্গলবারের সংবাদ সম্মেলনেও বিএনপি'র প্রতি আহবান জানান আশরাফ।
গত ২৬ ও ২৮ মার্চ তিনি এরকম আহ্বান জানান।
চট্টগ্রামে সোমবারের বিভাগীয় সমাবেশে দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানেরও জবাব দেন আশরাফ।
"আওয়ামী লীগকে আন্দোলন-সংগ্রাম শেখানোর দরকার নেই," উল্লেখ করে আশরাফ বলেন, "নিয়মতান্ত্রিক আন্দোলনে অসুবিধা নেই। কিন্তু, বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার তা হতে দেবে না। সে যত বড়ই ব্যক্তি হোক না কেনো।"
সমাবেশে খালেদা বলেন, "এটা ওয়ার্মআপ। আগামী দিনের জন্য এখন থেকে আন্দোলনের প্রস্তুতি নিন। বিভাগীয় সমাবেশ শেষে শিগগিরই আন্দোলনে কর্মসূচি দেব।"
ওই মহাসমাবেশে খালেদা বলেন, "আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশ পাঠাতে চেয়েছিলো তত্ত্বাবধায়ক সরকার।"
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আশরাফ মঙ্গলবার বলেন, "এটা তার (খালেদা জিয়া) নতুন তত্ত্ব। তিনি জেলে থাকতে এ কথা বললেন না, জেল থেকে বের হয়ে বললেন না। কালকে হঠাৎ করে বললেন এই কথা।
"হয়তো ওনাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিলো। কালকে হঠাৎ জেগে উঠলেন। আমাদের নেত্রী জেলে থাকতেই তো আমরা বলেছি, ওনাকে স্লো পয়জনিং করা হচ্ছে।"
সমাবেশে খালেদা জিয়া সরকারকে ইঙ্গিত করে বলেন, "এক নম্বর থেকে শুরু করে সবাই চোর।"
এর জবাবে আশরাফ বলেন, "বিরোধীদলীয় নেতা ও তার ছেলেরা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন।"
বিরোধী দলীয় নেতা ও তার ছেলেদের জরিমানা দিয়ে কালো টাকা সাদা করা বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি আশরাফ।
সোমবারের সমাবেশে খালেদা জিয়ার চালের দাম বিষয়ক বক্তব্যের সমালোচনা করে আশরাফ বলেন, "অসত্য ভাষণে পারদর্শী বেগম জিয়াকে জিজ্ঞাসা করতে চাই, আওয়ামী লীগ চালের কেজি ১০ টাকা রেখে এসেছিলো। আপনার সময় তা বেড়ে ৪৫ টাকা হয়েছিলো কী করে ?"
২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতা ছাড়ার দিন চালের কেজি ১৬-১৮ টাকা ছিলো বলে সোমবারের সমাবেশে বলেন খালেদা।
আওয়ামী লীগ সরকারের আমল কারো বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়নি জানিয়ে আশরাফ বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিলো তা চলবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মৃনাল কান্তি দাস প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৬ ঘ.
bdnews24