রংপুর,মার্চ ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা কোচ স্ট্যান্ড সংস্কারসহ পাঁচ দফা দাবিতে রংপুরের ২৫টি রুটে বুধবার থেকে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট ডেকেছে একটি সংগঠন।
রংপুর জেলা মটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘট দূরপাল্লার রুটেও চলবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান রাঙ্গা।
ধর্মঘটের সমর্থনে এবং দাবি আদায়ে সংগঠনটি মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেয়।
জেলা প্রশাসক (ডিসি) বি এম এনামুল হক আসন্ন এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে সংগঠনের নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করেন।
রংপুর জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান রাঙ্গা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঢাকা কোচ স্ট্যান্ড সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, বিআরটিসি বাস চলাচল বন্ধ, ভটভটি নছিমনসহ স্থানীয় যান্ত্রিকযান চলাচল বন্ধের দাবিতে তারা এই ধর্মঘট ডেকেছেন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত দূরপাল্লাসহ জেলার ২৫টি রুটে বাস, মাইক্রোবাস, ট্রাক, ট্যাংকলরিসহ যান চলাচল বন্ধ রাখা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24