মেহেরপুর,মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরে পৃথক অভিযানে গুলিসহ দুটি অগ্নেয়াস্ত্র ও একটি বোমা উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
সোমবার রাতে জেলার গাংনী উপজেলার চেংগাড়া বানিয়াপুকুর মাঠ গ্রামের মাঠ থেকে গুলিসহ দুটি শাটারগান উদ্ধার করে র্যাব।
ওই রাতে সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে হাতে তৈরি একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
র্যাব-৬ এর গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের একটি গম ক্ষেতে চরমপন্থী সদস্যরা গোপন বৈঠক করছে- এমন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে চরমপন্থীদের ফেলে যাওয়া পাাঁচ রাউন্ড গুলিসহ শাটারগান দুটি উদ্ধার করে।
গাংনী থানার ওসি সগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহারবটি শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর আলীর বাড়ির পাশ থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি শক্তিশালী বলে জানান তিনি।
ওসি জানান, বোমার সঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা ছিল চাঁদা না দিলে ওমর আলীকে হত্যা করা হবে। বোমাটি নিস্ক্রিয় করতে থানায় পানিতে চুবিয়ে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24