ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ যন্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তাদের নির্দেশ অনুযায়ী- সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতাল ও হোটেল-রেস্তোরাঁ ছাড়া কোনো সরকারি, বেসরকারি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো যাবে না। মঙ্গলবার থেকে এ নির্দেশ কার্যকর হয়ে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ নির্দেশ অমান্য করলে শাস্তির ব্যবস্থাও থাকছে বলে কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন জানিয়েছেন।
মঙ্গলবার বিইআরসি'র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সৈয়দ ইউসুফ আশা করছেন, এ পদক্ষেপে ২০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।
দেশে বিদ্যুত সঙ্কটের প্রেক্ষাপটে মঙ্গলবার বিইআরসির এক বৈঠকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়।
বিইআরসি চেয়ারম্যান বলেন, "আমরা প্রাথমিকভাবে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কেউ তা না মানলে আমরা অসহায়। তবে ডিপিডিসি, ডেসকো, পেট্রো-বাংলার কাছ থেকে কোনো অভিযোগ পেলে এবং তা প্রমাণিত হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার বিধান আছে।"
এ নির্দেশ অমান্য করলে কমিশন ২ হাজার টাকা জরিমানা এবং তিন মাস কারাদণ্ড দিতে পারে জানিয়ে সৈয়দ ইউসুফ বলেন, "তবে আমরা সংযোগ বিচ্ছিন্নের বিষয়টির ওপরই গুরুত্ব দেবো।"
বোরোর সেচ পাম্পগুলোতে বিদ্যুৎ সরবরাহ এবং এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে চেয়ারম্যান জানান।
তিনি আরো জানান, শীতাতপ যন্ত্র (এয়ারকুলার/এয়ার কন্ডিশনার) ব্যবহারের ক্ষেত্রে অন্য সময়ে বিধিনিষেধ রয়েছে। রাত ১১টার পর থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত এর তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
হাসপাতাল ও হোটেল-রেস্তোরাঁ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারে বিধি-নিষেধের আওতামুক্ত হলেও সংবাদ মাধ্যমগুলোর বিষয়ে বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এখনো সিদ্ধান্তটি জানেন না। তবে সংবাদ মাধ্যমকে বিধি-নিষেধের আওতামুক্ত রাখার বিষয়টি বিবেচনা করা হবে।
বর্তমানে দেশে দৈনিক প্রায় ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন গড়ে ৪ হাজার মেগাওয়াট। এজন্য লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিইআরসি'র সদস্য মোখলেছুর রহমান, মো. ইমদাদুল হক, সালাহউদ দীন আহমেদ ও সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এইচএ/ ১৮৫৪ ঘ.
bdnews24