সিলেট, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশীদ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আটজনকে গ্রেপ্তার করা হলো।
রোববার রাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে আটক করে র্যাব সদস্যরা।
এরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার আনুযানি গ্রামের রাসেল আহমদ (৩০), একই উপজেলার সুলেমানপুর গ্রামের লোকমান মিয়া (৩২), সিলেট নগরীর জালালবাদ আবাসিক এলাকার আলিমুল ইসলাম (২৪), সুবিদবাজার এলাকার সুজিনা আক্তার মুন্নি (২২) ও মদিনা মার্কেট এলাকার সাফিয়া খাতুন লিপি (২০)।
সোমবার দুপুরে র্যাব-৯ এর সদর দপ্তরে সাংাবিদকদের জানানো হয়, নগরীর পাঠানটোলা এলাকা থেকে শিক্ষক হারুন'র ব্যাবহৃত মোবাইল ফোনসেটসহ রাসেল আহমদকে আটক করে র্যাবের একটি বিশেষ দল।
তার স্বীকারোক্তি অনুযায়ী মুন্নিকে সুবিদবাজার এলাকা থেকে, লিপিকে উত্তর বাগবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে।
তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা সূত্র ধরে আলিমুলকে ফাজিলচিস্তি এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া অভিযুক্ত কাওসার আহমদকে আশ্রয় দেওয়ায় দরগা এলাকার হোটেল আজমিরীর ব্যবস্থাপক লোকমান মিয়াকে আটক করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক মেজর তৌফিক এলাহী, লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম জুবায়ের হোসেন ও ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ ইসলাম তালুকদার সাংবাদিকদের জানান, সুজিনা আক্তার মুন্নির সঙ্গে পলাতক কাওসার আহমদের প্রেমের সম্পর্ক রয়েছে। শিক্ষক হারুনের সঙ্গে মুন্নির ব্যক্তিগত সমস্যার সৃষ্টি হলে সুজিনার ইন্ধনে কাওসার আহমদ ও তার সহযোগী রাসেল ও অলিমুল হারুনকে ছুরিকাঘাতে হত্যা করে।
জিজ্ঞাসাবাদে তারা খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব কর্মকর্তারা জানান।
গত ২১ মার্চ বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হারুন আর রশীদ।
ঘটনার পরদিন তার শ্যালক আল আজিজ চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24