চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বিকাল ৩টা থেকে বাসসহ যান চলাচল শুরু হয়।
একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে রোববার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে পরিবহন ধর্মধট শুরু করে চট্টগ্রাম-কক্স^াজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
দুপুর ১২টা থেকে ৩টা পর্যান্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবেৃন্দের এ বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে চট্টগ্রাম-কক্স^াজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম কক্সবাজর সড়কে চলাচলকারী যানবাহনের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান, যে কোনো দুর্ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।"
প্রশাসনের পক্ষ থেক তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও মুছা জানান।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-কক্স^াজার-টেকনাফ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মো. মুছা, মালিক পক্ষের মঞ্জুরুল আলম মঞ্জু, আহমেদ নবী চৌধুরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (পূর্বঞ্চল) সভাপতি মৃণাল চৌধুরী প্রমুখ।
এদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিকাল ৩টার পর থেকে চট্টগ্রাম থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর আগে রোববার রাতে ধর্মঘট প্রত্যাখ্যান করে সোমবার সকাল থেকে যান চলাচল শুরুর ঘোষণা দিয়েছিলেন কক্সবাজার পরিবহন শ্রমিক-মালিকরা।
এছাড়া সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতারা সন্ধ্যার পর কক্সবাজারের মালিকানাধীন পরিবহন সংস্থা তাদের গাড়ি চলাচল শুরু না করলে জেলার বিভিন্ন স্থানে তাদের টিকেট কাউন্টারগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আহমদ হোসাইন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, সাবেক পৌরসভা চেয়ারম্যান নুরুল আবছার, শহর আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24