হবিগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে জনসভা আহ্বান করায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সভা, সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিবুর রহমান জানান।
রোববার রাতে উপজেলায় মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়েছে।
মুজিবুর রহমান জানান, আহমদাবাদ ইউনিয়ন বিএনপি স্থানীয় আমুরোড বাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভা আহ্বান করে।
এতে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাম্মী আক্তার প্রধান অতিথি এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল।
এদিকে আহমদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসভার ডাকে।
এর পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মুজিবুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24