ঠাকুরগাঁও, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীর তালিকায় নাম থাকায় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আব্দুল হাকিমকে নজরদারিতে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার ভোর থেকে তার শহরের বাসার আশপাশে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ অবস্থান নেয়।
পুলিশ সুপারিনটেনডেন্ট বি এম হারুন-অর-রশিদ বলেন, গোয়েন্দা সংস্থা এবং পত্র পত্রিকায় যুদ্ধাপরাধীদের তালিকায় নাম থাকায় তাকে নজরদারিতে রাখা হয়েছে।
তিনি বলেন, "তার নিরাপত্তার স্বার্থেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তিনি ইচ্ছা করলে বাড়ির বাইরে কাজে যেতে পারেন।"
সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল হাকিম দাবি করেন, ১৯৭১ সালে তার যুদ্ধাপরাধী হওয়ার কোনো অবকাশ নেই। ১৯৮৫ সালে তিনি জামায়াতে ইসলামির সঙ্গে জড়িত হন। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তার নাম যুদ্ধাপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে তিনি তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও পাঠান।
বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বলেন, জামায়াত নেতা হাকিমের বাড়ি এ উপজেলার জিয়াবাড়ি গ্রামে। ১৯৭১ সালে হাকিম ছিলেন কালমেঘ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বৃহস্পতিবার বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করে সরকার।
চিহ্নিত যুদ্ধাপরাধীরা পালাতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বললেও রোববার বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাশেম এরই মধ্যে বিদেশ গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৯ ঘ.
bdnews24