চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন এবার ১৬ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে।
আগামী ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবে বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ।
এছাড়া একই দাবিতে মঙ্গলবার থেকে প্রতিদিন বন্দর এলাকায় সমাবেশ-মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগে আট ঘণ্টা কর্মবিরতি শেষে রোববার বিকালে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা কাজে যোগ দেয়। ফলে বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য ওঠা-নামার কাজ আবার শুরু হয়েছে।
বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মবিরতি শেষে বিকাল চারটায় শ্রমিকরা কাজে যোগ দেয়।
চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুর্নবহালের দাবিতে চট্টগ্রাম বন্দরে রোববার সকাল আটটা থেকে থেকে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।
কর্মবিরতির কারণে সকাল থেকেই বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জেটিতে অবস্থিত জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ থাকে। তবে বহিঃনোঙ্গরে অবস্থিত জাহাজগুলোতে কার্যক্রম স্বাভাবিক ছিল।
চাকরিতে পুনর্বহাল ছাড়াও শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ ও ডরমিটরি চালু।
গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে বন্দরের কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ২৬ জানুয়ারি থেকে এক সপ্তাহ ধরে প্রায় দুই হাজার ৭০০ শ্রমিককে বাছাই করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৫ ঘ.
bdnews24