২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে যোগ দিয়েছে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা

আট ঘণ্টা কর্মবিরতি শেষে রোববার বিকালে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ফলে বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য ওঠা-নামার কাজ আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 12:50 PM

Updated : 24 Aug 2022, 07:57 PM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট ঘণ্টা কর্মবিরতি শেষে রোববার বিকালে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ফলে বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য ওঠা-নামার কাজ আবার শুরু হয়েছে। বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মবিরতি শেষে বিকাল চারটায় শ্রমিকরা কাজে যোগ দেয়। চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুর্নবহালের দাবিতে চট্টগ্রাম বন্দরে রোববার সকাল আটটা থেকে থেকে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন এ কর্মবিরতির ডাক দেয়। কর্মবিরতির কারণে সকাল থেকেই বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জেটিতে অবস্থিত জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ থাকে। তবে বহিঃনোঙ্গরে অবস্থিত জাহাজগুলোতে কার্যক্রম স্বাভাবিক ছিল। এদিকে কর্মবিরতি শেষে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন বন্দর এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, যুগ্ম সম্পাদক আবদুল আহাদ, রশিদ আহম্মেদ চৌধুরী, রায়হান শরিফ, মো. হাসান, মোহাম্মদ আলমগীর, ইস্কান্দার মিয়া প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেন, অন্যথায় বন্দর শ্রমিকরা কঠোর কর্মসূচি দেবে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই দাবিতে আমাদের কর্মসূচি চলবে। সোম-মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। এদিকে কর্মবিরতি চলাকালে ডক শ্রমিক কর্মচারী ফেডারেশনের শ্রমিকরা সকাল ১১টার দিকে বন্দরের ৩ নম্বর জেটির কাছে সিএন্ডএফ এজেন্টের ৩ কর্মচারীর ওপর হামলা চালায়। এর প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা চট্টগ্রাম কাস্টমস হাউজের সামনে দুপুরে মিছিল সমাবেশ করে এবং কাস্টমসে তাদের কাজ বন্ধ রাখে। বেলা ৩টার দিকে তারা কাস্টমসে কাজ শুরু করলেও বন্দরের ভেতরে কাজ বন্ধ রেখেছে। ঢাকায় শনিবার গভীর রাত পর্যন্ত নৌ-পরিবহন মন্ত্রীর সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না হওয়ায় রোববার সকাল ৮টা থেকে শ্রমিকরা ৮ ঘন্টার কর্মবিরতি পালন করে বলে জানান ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, বন্দরের সব শ্রমিক এ কর্মবিরতিতে সাড়া দিয়ে কাজ বন্ধ রাখে। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অবিলম্বে বাছাইকৃত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালের দাবি জানান। চাকরিতে পুনর্বহাল ছাড়া শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ ও ডরমিটরি চালু। গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে বন্দরের কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ২৬ জানুয়ারি থেকে এক সপ্তাহ ধরে প্রায় দুই হাজার ৭০০ শ্রমিককে বাছাই করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮৪৬ ঘ.