বগুড়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে ওই এলাকায় চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ নিয়ে হাতাহাতির এক পর্যায়ে তাকে ছুরি মারা হয়। ছুরিকাঘাতে তার এক সঙ্গীও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের নাম- শফিক চৌধুরী (২৬)। তিনি বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার মানিকচক গ্রামের আবদুল জব্বারের ছেলে।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ মতি নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।
তিনি সাংবাদিকদের জানান, শনিবার রাত ১২ টার দিকে শফিক মোটরসাইকেল নিয়ে মেলায় প্রবেশ করতে চান। এ সময় সোহাগ ও মতিসহ কয়েকজন তাকে বাধা দেয়।
এ নিয়ে মেলার প্রবেশমুখে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায় শফিককে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সোয়া ১টায় তার মৃত্যু হয়।
আহত রাসেলকে (২৬) প্রথমে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হয়।
এ খবর মেলার আশপাশের গ্রামে জানাজানি হলে লোকজন বিক্ষুদ্ধ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেলায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় বলে এসআই হারুন জানান।
তিনি জানান, শফিকের বাবা বাদি হয়ে সোহাগ ও মতিসহ সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। পরে পুলিশ মতিকে গ্রেপ্তার করে। খুনিরা যুবলীগের নেতাকর্মী বলে জানান পুলিশ কর্মকর্তা।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবির জানান, হামলা ও ভাংচুরের আশঙ্কায় এবং আসন্ন এইচএসসি পরীক্ষার কথা বিবেচনায় রেখে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গত ১ মার্চ বগুড়ার মাসব্যাপী আর্ন্তজাতিক বাণিজ্য মেলা শুরু হয়। ৩১ মার্চ মেলা শেষ হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসন আরো ১০ দিন সময় বাড়িয়েছিল।
গত বছরও বাণিজ্য মেলায় ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24