ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল।
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
পটলের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক এএনএম বশিরউল্লাহ সে আবেদন মঞ্জুর করেন।
হাইকোর্ট গত ৮ মার্চ তাকে ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলো।
বিচারক বশিরউল্লাহ মামলাটিতে আগামী ১৩ এপ্রিল অভিযোগ গঠনের দিন ঠিক করে নথিপত্র ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দিয়েছেন।
প্রায় সাড়ে ২৭ লাখ টাকা আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর পাঁকি দেওয়ার অভিযোগে গত ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পটলের বিরুদ্ধে এ মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৪৪ ঘ.
bdnews24