২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিতে সেনাসদস্য নিহত

রংপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 06:54 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

রংপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতের নাম আসাদুল ইসলাম (৩০)। রোববার ভোরে শহরের মুলাটোল এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আসাদ খাগড়াছড়ি সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেউজান গ্রামে। মুলাটোল এলাকায় তার শ্বশুরবাড়ি। আসাদ কর্মস্থল থেকে নৈশকোচে ভোরেই রংপুরে নামেন বলে তার শ্বশুর আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস টার্মিনাল থেকে ভোর ৪টার দিকে আমার রিকশায় ওঠেন তিনি (আসাদ)। একটু সামনে এগোলেই পাকার মাথা এলাকায় ৬/৭ জন ছিনতাইকারী অস্ত্র ধরে তার কাছ থেকে সব লুট করে। "ওই সময় তিনি আইডি কার্ড ফেরত চাইলে তা নিয়ে বদানুবাদের এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।" গুরুতর আহত আসাদকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাতকদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসাদ আগে যশোর সেনানিবাসে ছিলো। কয়েকমাস আগে খাগড়াছড়ি বদলি হলে আমার বাড়ির পাশেই একটি বাসা ভাড়া নেয় সে। স্ত্রী ও সন্তানকে সে বাসায় রেখে যায় সে।" সকালে আসাদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী রীনা আকতার বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। তাদের তিন বছর বয়সি মেয়ের নাম নম্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.