ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে জোড়া খুনের ঘটনায় রোববার সকালে ঝালকাঠি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই মূল সন্দেহভাজন রুবেল ও মিথুন চন্দ্র দাস রয়েছে। এ ঘটনায় রুবেলের ভগ্নিপতি রাব্বীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে রাজধানীর গোন্দেয়া পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শহীদুল হক বলেন, রুবেল স্বীকার করেছে সে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রেমজনিত কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান শহীদুল হক।
বুধবার গুলশানের কালাচাঁদপুরের বাসায় মেয়ের কথিত প্রেমিক রুবেল ও তার সঙ্গী মিথুনের গুলিতে ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নার্গিস নিহত হন বলে পুলিশ জানায়।
সংবাদ সম্মেলনে রুবেল ঘটনার বিবরণ দিয়ে বলেন, নিহত সাদেকুর রহমান ও রোমানা নার্গিসের মেয়ে ইতির সঙ্গে তার আড়াই বছরের সম্পর্ক। তিন মাস আগে ইতির ভাই শিহাবুর রহমান শিহাবের মালেয়শিয়া যাওয়ার জন্য এক লাখ ১০ হাজার টাকা ধার দেয় রুবেল। টাকা-পয়সা লেনদেন নিয়ে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
এক পর্যায়ে ইতি ইয়াহু ম্যাসেঞ্জারে অন্য কোনো ছেলের সঙ্গে চ্যাট করে সম্পর্ক তৈরি করে বলে জানতে পারে রুবেল। এরপর থেকে রুবেল ইতির মা-বাবাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তারা প্রস্তাবে রাজি না হয়ে রুবেলকে আজেবাজে কথা বলতে শুরু করে বলে জানায় রুবেল।
রুবেল আরো জানায়, ঘটনার দিন এক আত্মীয়ের কাছ থেকে একটি পিস্তল ও গুলি নিয়ে মিথুনের সঙ্গে পরামর্শ করে ইতিদের বাসায় যায়। রুবেল ইতির মা-বাবাকে কাছে ইতিকে বিয়ে দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকে।
প্রস্তাবে রাজি না হওয়ায় প্রথমে ইতির বাবাকে ও পরে মাকে গুলি করে বলে জানায় রুবেল। ঘটনার পর রুবেলের ভগ্নিপতি রাব্বীর সঙ্গে যোগাযোগ করে রূপগঞ্জ চলে যায় রুবেল ও মিথুন। পরে তারা সেখান থেকে ঝালকাঠিতে আত্মগোপন করে।
রুবেল কোন আত্মীয়ের কাছ থেকে অস্ত্র পেয়েছে পুলিশ তা জানাতে পারেনি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশ কমিশনার।
এর আগে সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝালকাঠী থেকে রুবেল, মিথুন ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝালকাঠী প্রতিনিধি জানান, জেলা শহরের উপকণ্ঠে গাবখান এলাকার একটি বাড়ি থেকে ভোররাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনায় সন্দেহভাজন দেলোয়ার হোসেন দীপুকে এর আগে টঙ্গি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সংখ্যা এখন চার-এ দাঁড়ালো।
নিহতের বড় মেয়ে সুমাইয়া ইয়াসমিন বিথী সাংবাদিকদের জানান, রুবেল নামের একটি ছেলে ওইদিন তাদের বাসায় এসে প্রথমে তার বাবা ও পরে মায়ের মাথায় গুলি চালায়। ওই সময় তার ছোট বোন নীলুফার ইয়াসমিন ইতি প্রাণ বাঁচাতে বাথরুমে আশ্রয় নেয়।
বিথী বলেন, গুলি করার দৃশ্য দেখে তিনি ভয়ে বাসা থেকে দৌড়ে পালান এবং পার্কিং এলাকার একটি গাড়ির ভেতর আশ্রয় নেন। এরপর আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়।
বিথী আরো অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার ছোট বোন ইতিকে অপহরণেরও চেষ্টা করেছিলো।
বাবা-মাকে হত্যার পর হত্যাকারীরা ইতি ও বিথীকেও হুমকি দিয়ে আসছিলো বলে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/প্রতিনিধি/এমআই/১৭০৭ ঘ.
bdnews24