চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দেওয়ান হাট মোড়ে আবারও বিএনপি'র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৫ জন সামান্য আহত হয় বলে পুলিশ জানায়।
২৪ ঘন্টার ব্যবধানে শনিবার সন্ধ্যায় দেওয়ান হাট মোড়ে উত্তর পাঠানটুলী ওয়ার্ড ও ডবলমুরিং থানা বিএনপি কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। দুই পক্ষই মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
এর আগে শুক্রবার বিকালে দেওয়ানহাট মোড়ে আমীর খসরু ও আব্দুল্লাহ আল নোমানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মঞ্চের পেছনে কাপড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে ২৯ মার্চের মহাসমাবেশের সমর্থনে একটি মিছিল বের করা হয়।
এসময় ডবলমুরিং থানা বিএনপি'র সভাপতি সাইফুল আলমের নেতৃত্বে অপর একটি মিছিল যাওয়ার সময় এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসামবেশের সমর্থনে ডবলমুরিং বিএনপি'র মিছিল শেষে কে বা কারা হামলা চালিয়েছে বলে শুনেছি।
ডবলমুরিং থানার ওসি আইনুল হক জানান, দেওয়ান হাট মোড়ে থানা বিএনপি'র সমাবেশ শেষে আমীর খসরুর নেতৃত্বে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ান হাট মোড় সংলগ্ন ধনিয়ালাপাড়ায় এসে শেষ হয়।
এসময় মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা বিএনপি নেতা সাইফুল আলমের নেতৃত্বে মিছিলের ওপর হামলা করা হয়। পরে আমাদের কর্মীরা তাদের প্রতিরোধ করে।
এদিকে, ২৯ মার্চ বিভাগীয় মহাসমাবেশকে সামনে রেখে রোববার বিকাল সাড়ে চারটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু জানান, সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ মহাসমাবেশের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24