২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডক বন্দর শ্রমিকদের কর্মবিরতি রোববার

বাছাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন শনিবার চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 05:15 PM

Updated : 24 Aug 2022, 07:54 PM

চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাছাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশন শনিবার চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। একই দাবিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন রোববার বন্দরে সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে। শনিবার বেলা ১১ টায় বন্দর ভবন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বারিক বিল্ডিং হয়ে নিমতলায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ থেকে শ্রমিক নেতারা চাকরিতে পুনর্বহাল, দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ, শ্রমিকদের জন্য হাসপাতাল ও ডরমিটরি চালুর দাবি জানান। ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল আহাদ, মীর নওশাদ, রায়হান শরীফ, শামসুল হক, মোহাম্মদ আলমগীর প্রমুখ। গত বছরের ২৬ অক্টোবর ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকে বন্দরের কর্মচ্যুত শ্রমিকদের যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়। এ বছরের ২৬ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রায় দুই হাজার ৭০০ শ্রমিককে বাছাই করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩১২ ঘ.