ঢাকা মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের মেয়ের কথিত প্রেমিকের গুলিতে জোড়া খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন দীপু (২৩) এই খুনের মামলার এজাহারভুক্ত আসামী বলে পুলিশ জানিয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, র্যাবের সহযোগিতায় টঙ্গি থেকে দীপুকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর উপ-পরিচালক মেজর মো. মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টঙ্গি থেকে দীপুকে শনিবার সকাল ৯টার দিকে গ্রেফতার করা হয়েছে। সে ঘটনার আগের রাতে রুবেল ও মিথুনের সঙ্গে দীর্ঘ সময় কাটায়। এর পরেও তাদের সঙ্গে দীপুর যোগাযোগ ছিল।"
অন্যদেরও শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার গুলশানের কালাচাঁদপুরের বাসায় মেয়ের কথিত প্রেমিকের গুলিতে নিহত হন ব্যবসায়ী সাদিকুর রহমান (৫৫) ও তার স্ত্রী রোমানা নার্গিস। ঘটনার পর থেকেই হত্যাকারী রুবেল ও তার বন্ধু মিথুন পলাতক রয়েছে।
নিহতের বড় মেয়ে সুমাইয়া ইয়াসমিন বিথী জানান, রুবেল নামের একটি ছেলে ওইদিন তাদের বাসায় এসে প্রথমে তার বাবা ও পরে মায়ের মাথায় গুলি চালায়। ওই সময় তার ছোট বোন নীলুফার ইয়াসমিন ইতি প্রাণ বাঁচাতে বাথরুমে আশ্রয় নেয়।
বিথী বলেন, গুলি করার দৃশ্য দেখে তিনি ভয়ে বাসা থেকে দৌড়ে পালান এবং পার্কিং এলাকার একটি গাড়ির ভেতর আশ্রয় নেন।
এরপর আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায় বলে জানান তিনি।
বিথী আরো অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার ছোট বোন ইতিকে অপহরণেরও চেষ্টা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24