ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বিনিয়োগ করলে বাংলাদেশিরা নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা পাবে বলে জানিয়েছেন রাজ্যটির সফররত মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মানিক সরকার শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, তার রাজ্য বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের একটি নতুন গন্তব্য হতে পারে এবং সেখানে নির্মাণ খাতে বিনিয়োগও লাভজনক হয়ে উঠতে পারে।
তিনি বলেন, "আমাদের সম্পদ ব্যবহার করে ভারতীয়দের জন্য উপার্জন ও কর্মক্ষেত্র সৃষ্টির শর্তে আমরা বাংলাদেশের যে কোনো বিনিয়োগকেই স্বাগত জানাবো।"
কেন্দ্রীয় সরকারের দেওয়া বিদ্যমান সুবিধার পাশাপাশি এখন থেকে রাজ্য সরকারের দিতে যাওয়া সুবধিার কারণে ত্রিপুরায় বাংলাদেশিরা দ্বিগুণ সুবিধা পাবেন বলে জানান তিনি।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সভায় বক্তব্য দিচ্ছিলেন মানিক।
ত্রিপুরার প্রবৃদ্ধি ব্যাপকহারে বাড়ছে জানিয়ে তিনি বলেন, "ত্রিপুরা ভারতের গড় প্রবৃদ্ধির চেয়েও এগিয়ে।"
"শিল্প কারখানায় বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিতে পারে ত্রিপুরা", বলেন তিনি।
মানিক সরকার জানান, ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেডের (ওএনজিসি) অনুসন্ধান অনুসারে ত্রিপুরায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে। ওই গ্যাস দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে এবং তা বাংলাদেশে রপ্তানি করা যেতে পারে।
তিনি বলেন, "ওএসজিসি'র ৭২৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের উদ্বৃত্ত বিদ্যুৎ ত্রিপুরা বাংলাদেশের কাছে বিক্রি করতে পারলে খুবই খুশি হবে।"
স
bdnews24