টাঙ্গাইল, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি রবি খানের (৪৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
শনিবার সদর থানায় মামলাটি করেন ধর্ষিতা নিজে। তিনি টাঙ্গাইল গ্রামীণ ব্যাংকের একজন মাঠকর্মী।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার তারুটিয়া এলাকায় রবি খান তার ইট ভাটায় মেয়েটিকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে বলা হয়।
মামলার বরাত দিয়ে সদর থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রামীণ ব্যাংকের ওই মাঠকর্মী সদর উপজেলার ভাতকুড়া গ্রাম থেকে কিস্তির টাকা তুলে তারুটিয়া এলাকায় কার্যালয়ে ফিরছিলেন।
তারুটিয়া হাইপ্রেসার সিএনজি স্টেশনের কাছে পৌঁছার পর রবি খান তাকে কার্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তোলেন। কিন্তু রবি তার ইট ভাটার একটি ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন।
এ সময় তিনি চিৎকার করার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এরপর রবি খান পাশের কক্ষে ইট ভাটার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার সময় মেয়েটি মোবাইল ফোনে তার কার্যালয়ের সহকর্মীদের খবর দেন। সহকর্মীরা এসে তাকে উদ্ধার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক কোহিনুর মিয়া বলেন, আসামি রবি গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রোববার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হবে বলেও তিনি জানান।
মেয়েটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরদিন এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিলে রবি ও তার লোকজন প্রভাব খাটিয়ে তাকে মামলা করা থেকে বিরত রেখেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24