কুড়িগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী বাজারে শনিবার পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল আটককে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
আহতদের মধ্যে রাজমিস্ত্রি দুলু (৩০) ও চায়ের দোকানদার রফিকুলকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. এাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "এটি একটি দুঃখজনক ঘটনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। "
এসপি জানান, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানান তিনি।
প্রত্যক্ষদর্শী মন্তাজ আলী, চাঁদ মিয়া, সরমত আলী, হামিদুল ও মিনহাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, ত্রিমোহনী বাজার এলাকায় পুলিশের একটি দল মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিল। ওই সময় জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান সাজুর মোটর সাইকেল আটক করে তারা।
এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট হামিদুল আলম সাজুকে থাপ্পড় মারেন। এ ঘঁনায় সেখানে উপস্থিত যুবলীগ কর্মী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পুলিশের দলটিকে ঘেরাও করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বেধড়ক লাঠিচার্জ এবং ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ দোকানে দোকানে ঢুকে লোকজনকে পেটায়।
এতে মাছ ব্যবসায়ী সুবোধ চন্দ্র (৩০), মনভোলা (৫০), রিক্সাচালক গোলজার হোসেন (৪০), জব্বার (৩৫), রাজমিস্ত্রি দুলু (৩০), চায়ের দোকানদার রফিকুল (৩৫), স্বর্ণকার নূরুজ্জামান (৩৫), ব্যবসায়ী মোফাচ্ছেল হক (৩৮), রফিক (২৭), ছালাম (৩৫), চান (২৫), অজয় (১৮), তুহিন (২৬), ভুট্টু (২৮), রোকসানা (৩৬), জয়ন্ত (২৭), শাহিনসহ (৩২) ৫০ জন আহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট হামিদুল আলম সাংবাদিকদের বলেন, পুলিশ মোটর সাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান সাজুর কাগজপত্র পরীক্ষার জন্য থামার নির্দেশ দিলেও তিনি থামেননি। পরে মোটরসাইকেলসহ তাকে আটক করে কাগজপত্র দেখতে চাইলে তিনি বেয়াদবি করেন।
সাজুকে থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি তখনই মিটমাট হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর কয়েকজন যুবক তাদের ঘেরাও করে এবং গাড়িতে হামলা চালিয়ে কাচ ভেঙে ফেলে। তারা গাড়িচালক সাইদুরসহ কয়েকজন কনস্টেবলকে লাঞ্ছিত করে।
পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষুব্ধ এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং চার রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩১ ঘ.
bdnews24