ভোলা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি আবার জানিয়ে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, তা না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছে, আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠেয় ওই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না।
ওই আসনে বিএনপি ইতিমধ্যে হাফিজউদ্দিনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। গত নির্বাচনে আওয়ামী লীগের মো. জসিমউদ্দিনের কাছে ১৩ হাজার ভোটে হেরেছিলেন তিনি।
তবে নবম সংসদ নির্বাচনে জসিম অবসর সংক্রান্ত বিধি ভঙ্গ করায় আদালত জসিমের প্রার্থিতা বাতিল করে। তাই ওই আসনে আবার নির্বাচন হচ্ছে।
সাবেক সংসদ সদস্য হাফিজ শনিবার ভোলায় এক সংবাদ সম্মেলনে বলেন, "২০০৮ সনের ২৯ ডিসেম্বরের নির্বাচনে পরিকল্পিতভাবে আমাকে হারানো হয়েছিলো। এবার যদি সেনা মোতায়েন করা না হয়, তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাবে।"
নির্বাচনে জয়ের জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, ভোলার সভাপতি গোলাম নবী আলমগীর প্রমুখ।
সংবাদ সম্মেলনের পর জেলা বিএনপি ও চারদলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন হাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24