ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক, রাজনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা এতে অংশ নেন।
বঙ্গভবন মাঠে অনুষ্ঠানটি হয়। বিকাল ৫টায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান অনুষ্ঠানস্থলে আসেন।
তিনি হেঁটে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীও ওই সময় তার সঙ্গে ছিলেন।
সংবর্ধনায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও অংশ নেন। রাষ্ট্রপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদ ও রাষ্ট্রপতি পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এসএম/এমআই/১৮২০ ঘ.
bdnews24