২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর হাতে অস্ত্র পেলো পিলখানার বিডিআর সদস্যরা

বিদ্রোহের এক বছর পর পিলখানায় সদর দপ্তরে কর্মরত বিডিআর সদস্যদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 06:52 AM

Updated : 24 Aug 2022, 07:54 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- বিদ্রোহের এক বছর পর পিলখানায় সদর দপ্তরে কর্মরত বিডিআর সদস্যদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রক্তাক্ত বিদ্রোহের পর পিলখানার বিডিআর সদস্যদের নিরস্ত্র করা হয়। বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারও হয় কয়েকহাজার। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্মৃতিসৌধে ফুল দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। ওই সময় তিনি বিডিআর সদস্যদের হাতে আবার অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দেন। মহাপরিচালক ওই অস্ত্র নিয়মতান্ত্রিকভাবে ব্যবহার করতে সবাইকে নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিডিআরের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওবায়েদুল হক। বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে চলছে। হত্যা ও লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আদালতে। তা এখনো তদন্তের পর্যায়ে আছে। বিদ্রোহের পর পিলখানার নিরাপত্তা দায়িত্ব সেনাবাহিনী এবং অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালন করে আসছিলো। বিডিআর সদর দপ্তরের প্রধান ফটকে এখনো রয়েছে সেনা সদস্যরা। তবে শিগগিরই পিলখানার নিরাপত্তার দায়িত্ব বিডিআর সদস্যদের দেওয়া হবে বলে বাহিনীর মহাপরিচালক জানান। বিদ্রোহের পর বিডিআরের অনেক অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। আবার অনেক অস্ত্র মামলার আলামত হিসেবে জব্দ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এলএইচ/এমআই/১২৩০ ঘ.