ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন করে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর প্রেক্ষাপটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৩৯তম বার্ষিকী পালন করেছে দেশ।
রাষ্ট্রীয়ভাবে দিনটিকে বরাবরের মতো জাতীয় দিবস হিসেবেও পালন করা হয়। এটি সাধারণ ছুটির দিন।
শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী।
প্রধানমন্ত্রী এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে যোগ দেন।
বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে এক মিনিটের জন্য আলো নিভিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত্রিকে স্মরণ করে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম।
রাত ১২টার পর ২৬ মার্চের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের বেদিতে মোমবাতি প্রজ্বলন করে দিবসটি পালনের কর্মসূচির সূচনা করে সংগঠনটি।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বাণী দিয়েছেন।
দিবস উপলক্ষে সব সরকারি ও আধা সরকারি ভবনে জাতীয় পতাকা ওড়ে। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর দুই পাশে জাতীয় পতাকা ও নানা রঙের উৎসব পতাকা ওড়ানো হয়।
অপারেশন সার্চ লাইট নামের কুখ্যাত এক সেনা অভিযানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালিদের ওপর গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। এরপরই ঘোষণা আসে স্বাধীনতার।
পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু তার বার্তায় আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দেন। দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের।
একাত্তরে পাকিস্তানি বাহিনীর যেসব দোসর মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিলো, তাদের বিচারে বৃহস্পতিবারই একাত্তরের বিচারক প্যানেল, তদন্ত কর্মকর্তা ও আইনজীবীদের নাম ঘোষণা করে সরকার।
বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে সোহরাওয়ার্দি উদ্যানে শিখা অনির্বাণ, রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিসৌধে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পৃথক তিনটি অনুষ্ঠানের মাধ্যমে সেক্টর কমান্ডারস ফোরাম ২৫ মার্চের কালরাত্রিকে আলো নিভিয়ে স্মরণ করে।
এক মিনিট আলো নিভিয়ে রাখার কর্মসূচির পর সেক্টর কমান্ডারসহ ১২ জন মুক্তিযোদ্ধা মশাল প্রজ্বলন করে তা নতুন প্রজন্মের তরুণদের হাতে তুলে দেন। পরে ১২ তরুণ অনুষ্ঠানে উপস্থিত সবার হাতের মোমবাতি জ্বালিয়ে ২৬ মার্চের স্বাধীনতা দিবসের প্রথম প্রহরকে স্বাগত জানান।
মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার, সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, সি আর দত্ত, আবু ওসমান চৌধুরী, মুক্তিযোদ্ধা অজয় রায়, হারুন অর রশীদ, রেজাউল হায়াত, সারোয়ার আলী, ম হামিদ, সৈয়দ সদরুজ্জামান, মমতাজ বেগমসহ ১২ জন মুক্তিযোদ্ধা মশাল জ্বালিয়ে তা নতুন প্রজন্মের ১২ জনের হাতে তুলে দেন।
শিখা অনির্বাণ-এ এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের কয়েক মানুষের সমাবেশ ঘটে।
এ কে খন্দকার সংক্ষিপ্ত বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, ''১/২ বছরের মধ্যে যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে আমি বিশ্বাস করি। এর মাধ্যমে জাতি অভিশাপ মুক্ত হবে।''
পাকিস্তানি সৈন্যদের পরাজিত করতে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথাও তুলে ধরেন মুক্তিবাহিনীর উপ প্রধান।
বৃহস্পতিবার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিলের আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ডেপুটি স্পিকার শওকত আলী, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
মিছিলটি শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গণকবরে গিয়ে শেষ হয়। এখানে নেতারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতা দিবসে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি মো. জিল
bdnews24