নাটোর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছর পর বিদেশ থেকে ফিরে স্ত্রী ও মেয়েসহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নাটোরের লালপুর উপজেলার মহেশ্বর গ্রামের আজাহার উদ্দিন।
বৃহস্পতিবার বিমানে করে সৌদি আরব থেকে ঢাকায় আসেন তিনি। সেখান থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন আজাহার।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষুটি এলাকায় বনপাড়া-হাটিকুমরুল সড়কে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি উল্টে যায় বলে নিহতদের পরিবারের সদস্যরা জানায়।
এতে আজাহার উদ্দিন (৪৫), স্ত্রী লাইলি বেগম (৩৫) ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত মেয়ে তাসলিমা আক্তারকে (১৫) বড়াইগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় আজহারের বাবা এলাজ উদ্দিন (৭০) ও আত্মীয় শামসুন্নাহার (৪০), ফরিদা পারভিন (১৩), আবু তালেব (১৮), সালমা বেগম (২২), আকাশ (৬) ও সেলিম (১২) আহত হন।
তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত আকাশের অবস্থা আশংঙ্কাজনক।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৯ ঘ.
bdnews24