২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলকর্মী জামাল ৪ দিনের রিমান্ডে

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন-অর-রশীদ হত্যার ঘটনায় গ্রেপ্তার করা ছাত্রদলকর্মী জামাল আহমদ ওরফে কালা জামালকে চারদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 12:00 PM

Updated : 24 Aug 2022, 07:52 PM

সিলেট, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন-অর-রশীদ হত্যার ঘটনায় গ্রেপ্তার করা ছাত্রদলকর্মী জামাল আহমদ ওরফে কালা জামালকে চারদিন জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে হাকিম মো. আমির উদ্দিন চারদিনের অনুমতি দেন। রোববার বিকালে সিলেট নগরীর চৌহাট্টার গৌড়গোবিন্দ টিলার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হারুন-অর-রশিদ। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) হারুন মজুমদার সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রাতে নগরীর বনকালাপাড়া এলাকা থেকে ছাত্রদলকর্মী কালা জামালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কয়েক দফা জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জামালকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.