বান্দরবান, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে পুড়ে গেছে বান্দরবানের আলীকদম বাজারের আড়াইশ দোকান। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোররাতের এ অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
আলীকদম উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র আলীকদম বাজারে রাত আড়াইটার দিকে আগুন লাগে বলে প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছে।
অগ্নিকাণ্ডে দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়।
আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজমির হোটেল নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী ও স্থানীয়দের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান। যদিও সকালেও সেখানে ধোঁয়া উড়ছিলো।
বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর, বান্দরবান পর্বাত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওয়াব আসলাম হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন।
নওয়াব আসলাম হাবিব সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের কারণ সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে আজমির হোটেলের চুলা থেকে আগুন লেগেছে।
আগুন তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা কাইসার মোহাম্মদকে প্রধান করে গঠিত ওই কমিটির অন্য দুই সদস্য হলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও আলীকদম থানার ওসি নিয়াজ মোহাম্মদ।
ইউএনও জানান, কমিটি বৃহস্পতিবার দুপুরে তার কাছে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। এতে বলা হয়, দুই শতাধিক দোকান পুড়ে দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক জসিম সরওয়ারসহ ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান হবে কমপক্ষে ১৫ কোটি টাকা।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুরের প্রেসসচিব সাদেক হোসেন চৌধুরী জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রায় তিনশ' পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
এছাড়া বীর বাহাদুর আলীকদম উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠার বিষয়ে আবারো আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24