জামালপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্পোরালকে আটদিন আগে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
কর্পোরাল আশরাফ আলীকে জামালপুর-ময়মনসিংহ সড়কের চেচুয়া বাজার থেকে গত ১৫ মার্চ অপহরণ কার হয় বলে জানান তার স্ত্রী হাসনা বেগম।
তিনি ও তার আত্মীয়রা জানান, ঘটনাটি পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আশরাফ আদম ব্যবসায়ী। তার সঙ্গে অভিযুক্তদের টাকার লেনদেন রয়েছে। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
জামালপুর সদরের বাঁশচড়া ইউনিয়নের লাহেড়িকান্দা গ্রামের বাসিন্দা হাসনা জানান, গত ১৫ মার্চ বিকালে অগ্রণী ব্যাংক লাহেড়ি কান্দা থেকে কৃষিঋণের ২০ হাজার টাকা তুলে বাসে ঢাকায় রওনা দেন আশরাফ। জামালপুর ময়মনসিংহ লাইনের চেচুয়া বাজারে পৌঁছলে রাজিব সার্ভিসের বাস থামিয়ে তাকে অপহরণ করে জামালপুর সদরের লক্ষীরচর গ্রামের জলিল, দ্বীন ইসলাম, বারেক, বাদশা, ময়নাল, হামিদুল, শহিদুল ও মানিক।
অপহরণকারীরা ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার মোবাইলে ফোন করছেন বলেও জানান হাসনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২০ ঘ.
bdnews24